
‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হলে গণআন্দোলন, এমনকি গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
সরকার গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করলে গণআন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থান পর্যন্ত কর্মসূচিতে যেতে বাধ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৮ জুলাই) বিকেলে বরিশালের হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নাহিদ ইসলাম বলেন, “আজ বরিশাল থেকে আমাদের কর্মসূচির নতুন ধাপ শুরু হলো। সর্বশেষ ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কর্মসূচি চলবে। এর মধ্যেই যদি সরকার গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে আমরা গণআন্দোলন, এমনকি গণঅভ্যুত্থানের পথেও যেতে বাধ্য হব।”
তিনি আরও বলেন, “এখনও আমরা হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দিইনি। তবে প্রয়োজন হলে যেকোনো সময় সেই ধরনের কর্মসূচি ঘোষণা করার প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা এমন পরিস্থিতি চাই না, কিন্তু সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সেদিকেই ঠেলে দিচ্ছেন।”
নাহিদ ইসলামের দাবি, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিলেও সরকার এখনও জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়নি। অথচ সরকার প্রকাশ্যে সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।
তিনি বলেন, “গণঅভ্যুত্থানের সময় আমাদের একটি স্লোগান ছিল—‘নাটক কম করো প্রিয়’। আজও একই কথা বলছি—তারেক রহমান, নাটক কম করুন। জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে বলে ইচ্ছামতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার পেয়ে যাননি। বাংলাদেশের মানুষের সঙ্গে ছলনা ও প্রতারণা করা চলবে না।”
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা।












Design and Development by : webnewsdesign.com