
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে কার্যকর হবে।
জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে ২০২৬ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে দাম দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে এতদিন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত জ্বালানি তেলের দাম স্থিতিশীল রাখতে গিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে।
এর আগে গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর প্রায় পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে প্রতিবেশী ও বিভিন্ন দেশে ডিজেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি। এর ফলে বাংলাদেশে তুলনামূলক কম দামে বিক্রি হওয়া জ্বালানি তেল সীমান্তপথে পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। জ্বালানি তেল পাচার রোধ, সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখা এবং যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি খাতে বাড়তি ব্যয় সামাল দিতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
নতুন দাম কার্যকর হলে দেশের ইতিহাসে জ্বালানি তেলের সর্বোচ্চ দরের নতুন রেকর্ড তৈরি হবে বলে উল্লেখ করা হয়েছে।
নিউজ সূত্র: চ্যানেল ২৪




Design and Development by : webnewsdesign.com