সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৬:১৬ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

যে কোনো সময় এক দফার আন্দোলন, সতর্ক হোন

‘৮ দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে’: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের ৮ দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত এ পথসভায় ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিলেন। কিন্তু সরকার গণভোটের সেই রায় অগ্রাহ্য করে জনগণের সঙ্গে প্রতারণা ও তাদের অপমান করেছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর ভাষ্য, সেই অপমানের জবাব দিতেই তারা রাজপথে নেমেছেন।

দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে জামায়াত আমির বলেন, কৃষকের সার নেই, মানুষের পেটে ভাত নেই। যুবকদের কর্মসংস্থান নেই, বাড়িতে নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ একদল লোক এখনো ‘খাই খাই’ জিকিরে ব্যস্ত।

অন্য একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, তারা কর্মসংস্থান তৈরির কথা বললেও কর্মসংস্থান তৈরি না করে মাঠে চাঁদাবাজ নামিয়ে দিয়েছে। তাঁর দাবি, এটি কোনো একক দল বা দলের কর্মসূচি নয়; দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলন। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদ চিরতরে দূর করার লক্ষ্যেই এই লংমার্চ আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, যে আন্দোলনে মা-বোনেরা রাস্তায় নেমে আসেন, সেই আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই সময়ও মায়েরা সন্তানদের নিয়ে রাজপথে নেমেছিলেন এবং সেই আন্দোলন সফল হয়েছিল।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দাবি মেনে না নেওয়া হলে যেকোনো সময় এক দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে নামতে হতে পারে। এজন্য ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম