
আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্জিত ঘোষণা করে ঝাড়ু মিছিল
জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
এ ঘটনায় শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজ। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ স্থানীয় নেতারা।
সভাপতির বক্তব্যে হাজী মো. শাহজাহান সিরাজ ব্যারিস্টার রুমিন ফারহানার পরিবারের ইতিহাস ও রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় সংসদে গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয়ে বিএনপিকে নিয়ে রুমিন ফারহানার দেওয়া বক্তব্য তারা প্রত্যাখ্যান করছেন।
একই সঙ্গে রুমিন ফারহানাকে আশুগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন।
সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস, বিদ্যুৎ ও সারের সংকট তৈরি হবে না—এমন নিশ্চয়তা দেওয়ার সুযোগ নেই। একই সঙ্গে দুর্নীতি, ঋণখেলাপিসহ বিভিন্ন বিষয়ে বিএনপির অতীত ভূমিকার সমালোচনা করেন তিনি।
রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।










Design and Development by : webnewsdesign.com