সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
১:৩৬ পিএম, ৩০ আগস্ট ২০২৬

ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য

ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে আ.লীগ, গোয়েন্দা প্রতিবেদনে মিলল ভয়ংকর তথ্য

ডিসেম্বরে ‘ফেরার’ প্রস্তুতি, তৃণমূলে আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
৪ মিনিটে পড়ুন |

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে অনেকটা নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে সামনে রেখে নতুন কৌশলে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। দলীয় নেতাকর্মীদের সংগঠিত করা, পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা চলছে বলে গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির নেতাকর্মীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর। আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে বিদেশে থাকা নেতাদের যোগাযোগ চলছে বলেও জানা গেছে।

নারায়ণগঞ্জের পলাতক নেতা শামীম ওসমানও ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন বলে দাবি করা হয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে সরকারের উচ্চপর্যায়কে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঝটিকা মিছিল নিয়ে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

সূত্রের দাবি, গত দুই সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি ঝটিকা মিছিল করেছেন। এর মধ্যে বনানী, ময়মনসিংহ, শরীয়তপুর, সাভার ও সুনামগঞ্জের ঘটনাগুলো নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এরই মধ্যে পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটকে সতর্ক করে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ময়মনসিংহের গাঙ্গিনাপাড় এলাকায় যুবলীগের ঝটিকা মিছিল ঠেকাতে দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি মডেল থানার ১ নম্বর পুলিশ ফাঁড়ির পুরো টিম প্রত্যাহার করা হয়েছে। ওই টিমে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ জন সদস্য ছিলেন।

তৃণমূলে যোগাযোগ বাড়ানোর দাবি

গোয়েন্দা সূত্রের দাবি, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের নেতাকর্মীদের একটি অংশ পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। টেলিগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে যোগাযোগ করা হচ্ছে বলেও সূত্র জানিয়েছে।

এ ছাড়া ব্যবসা-বাণিজ্যের আড়ালে সরকারবিরোধী কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহের চেষ্টা চলছে বলেও দাবি করা হয়েছে।

পুলিশের এক অতিরিক্ত আইজি জানান, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা এখনো বিভিন্ন দায়িত্বে রয়েছেন। তাদের কারও কারও সঙ্গে বিদেশে থাকা সাবেক সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের যোগাযোগ রয়েছে বলে আলোচনা আছে।

আত্মগোপনে থাকার অভিযোগ

গোয়েন্দা সূত্রের দাবি, রাজধানীর ভাটারা, বনশ্রী, আফতাবনগর, মহানগর আবাসিক, খিলক্ষেত, নিকুঞ্জ, মোহাম্মদপুর, বসিলা, কামরাঙ্গীরচর, শনির আখড়া, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আত্মগোপনে রয়েছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে কেউ রাইড শেয়ারিং মোটরসাইকেল বা অটোরিকশা চালাচ্ছেন, কেউ ব্যবসা করছেন, আবার কেউ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন বলেও সূত্রের দাবি। কয়েকজনের নিয়ন্ত্রণে থাকা অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানোর অভিযোগও রয়েছে।

দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে বিদেশে অবস্থানরত ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নসরুল হামিদ বিপু, এনামুল হক শামীমসহ কয়েকজন সাবেক নেতার যোগাযোগ রয়েছে বলে সূত্রের দাবি।

বোমা-ককটেল উদ্ধারে বাড়ছে উদ্বেগ

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পরিত্যক্ত ককটেল ও বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে। একই সঙ্গে বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে।

গোয়েন্দারা এসব ঘটনাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর সম্ভাব্য প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী বলেন, দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে নিরাপত্তা পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আগের তুলনায় বেড়েছে। জনগণের সহযোগিতা থাকলে যেকোনো বিশৃঙ্খলা প্রতিহত করা সম্ভব।

‘দ্রুত রাজনীতিতে ফেরা সহজ নয়’

বিশ্লেষক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, জুলাই-আগস্টের সহিংসতার পর আওয়ামী লীগের জন্য দ্রুত দেশে ফিরে রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়া সহজ হবে না। ডিসেম্বরকে সামনে রেখে তৎপরতা মূলত নেতাকর্মীদের মনোবল ধরে রাখা এবং দলীয় অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হতে পারে বলে তারা মনে করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ-অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার কথা বলা মূলত রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখা এবং নেতাকর্মীদের চাঙা রাখার একটি কৌশল।

তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর নির্দিষ্ট কোনো সময়সীমা দিয়ে দ্রুত রাজনৈতিক অঙ্গনে ফিরে আসা সহজ নয়। বিগত সরকারের কর্মকাণ্ডের দায় এবং সাধারণ মানুষের ক্ষোভের মুখে দলটি কীভাবে আবার জনগণের সামনে দাঁড়াবে, সেটিই বড় প্রশ্ন।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম