
আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, “সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে।
রাজধানীর পুরানো পল্টন কলেজ প্রাঙ্গণে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আল-কুরআন ফ্রি বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ইসলামের মহান আদর্শ প্রচার, পবিত্র আল-কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং কুরআনের সঙ্গে সমাজের সর্বস্তরের মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আযহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানী উপস্থিত ছিলেন। এছাড়াও ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।
বক্তারা বলেন, পবিত্র আল-কুরআন মানবজাতির জন্য পরিপূর্ণ জীবনবিধান। ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। তারা বলেন, কুরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এবং কুরআনমুখী সমাজ গঠনের লক্ষ্যে আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে বিনামূল্যে কুরআন বিতরণ, দ্বীনি শিক্ষা, দাওয়াহ কার্যক্রম এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।
আল ওয়াহদাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, “সমাজে কুরআনের চর্চা যত বৃদ্ধি পাবে, ততই নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা দূর হবে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজে কুরআনের শিক্ষা অনুসরণ করা এবং অন্যদের কাছেও তা পৌঁছে দেওয়া।”
প্রধান অতিথি ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য কেবল কুরআন ফ্রি বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় আল ওয়াহদাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও কুরআনের দাওয়াহ, ইসলামী শিক্ষা বিস্তার এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে।







Design and Development by : webnewsdesign.com