
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মীদের জন্য ছুটি ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।
আগামী ২৮ আগস্ট শুক্রবার দেশটিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। এ উপলক্ষে ওই দিন দেশজুড়ে সরকারি ও বেসরকারি খাতে ছুটি থাকবে।
ছুটির দিন শুক্রবার হওয়ায় যেসব কর্মীর সাপ্তাহিক ছুটি শনিবার ও রোববার, তারা টানা তিন দিনের অবকাশ ভোগ করতে পারবেন। তবে শারজাহর সরকারি কর্মীদের ক্ষেত্রে হিসাব কিছুটা ভিন্ন। কারণ, শুক্রবার তাদের নিয়মিত সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত।
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালিত হয়। মুসলিমদের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রচলিত ইসলামি ঐতিহ্য অনুযায়ী, এই দিনেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই তারিখে তাঁর ওফাত হয়।
প্রায় দেড় হাজার বছর আগে আরবের মরু অঞ্চলে মা আমিনার ঘরে জন্মগ্রহণ করেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। তাঁর আগমনের আগে আরব সমাজে নানা ধরনের সামাজিক অনাচার, হানাহানি ও বিশৃঙ্খলা বিরাজ করছিল। ইতিহাসে সেই সময়কে ‘আইয়ামে জাহেলিয়াত’ নামে অভিহিত করা হয়।
তৎকালীন আরব সমাজে মূর্তিপূজা, গোত্রীয় সংঘাত ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে প্রচলিত ছিল। মহানবী (সা.) তাঁর জীবন ও আদর্শের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আহ্বান করেন।
মহানবী (সা.)-এর জীবন মুসলিমদের কাছে ইসলামের শিক্ষা, মানবতা, ন্যায় ও শান্তির আদর্শের সঙ্গে গভীরভাবে যুক্ত। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে ঈদে মিলাদুন্নবী পালন করে থাকেন।












Design and Development by : webnewsdesign.com