সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
৬:১৪ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৬

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন

জামায়াতের ওপর নির্ভর করছে আওয়ামী লীগ ফিরবে কি না: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য এক ধরনের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, আওয়ামী লীগের অধ্যায় শেষ হয়ে গেছে; শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরতে পারবেন না।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং এর আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে। জাতিসংঘও বাংলাদেশে আওয়ামী লীগের গণহত্যার কথা বলেছে। তাই আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ হয়ে গেছে। নতুন করে বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ নেই।

তবে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করছেন দাবি করে তিনি বলেন, তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে জামায়াতে ইসলামী সহযোগিতা করছে।

জ্বালানি সংকট নিয়ে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে রাশেদ খান বলেন, জ্বালানি সংকট একটি জাতীয় সংকট। এই সংকটকে পুঁজি করে জামায়াত বা ১১ দলীয় জোট লংমার্চ করছে। এতে দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে এবং জ্বালানি সংকটও বাড়তে পারে।

তিনি বলেন, ‘আপনারা সরকারকে সহযোগিতা করুন। আপনারা যদি এভাবে লংমার্চ করেন, রাষ্ট্রকে অশান্ত করেন, তাহলে আওয়ামী লীগ ফিরে আসবে। শেখ হাসিনা অপেক্ষা করছেন, জামায়াত কতদিনে রাষ্ট্রকে অশান্ত করে।’

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টি অনেকাংশে জামায়াতের কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে। আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে শহীদ আবরার ফাহাদকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল, সেভাবেই সাধারণ মানুষকে হত্যা করা হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জামায়াতকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, জামায়াত যদি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে ১৯৯৬ সালের মতো বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে চায়, তাহলে দেশের জনগণ জামায়াতের বিরুদ্ধেও আন্দোলনে নামবে।

তিনি বলেন, ‘যে সংগঠনটি শহীদ আবরার ফাহাদকে হত্যা করেছে, সেই সংগঠন এবং সেই দলের বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।’

আবরার ফাহাদের চেতনা প্রসঙ্গে রাশেদ খান বলেন, আবরার ফাহাদের চেতনা বাংলাদেশে বাস্তবায়ন হচ্ছে। ভারত শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের আসামিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট না করলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খান বলেন, ‘এটাই আবরার ফাহাদের চেতনা। এই কারণেই আমরা ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছি। অতীতের রাখী বন্ধন ছিন্ন করে ভারতের সঙ্গে সম্মান ও মর্যাদার সম্পর্ক গড়তে চাই।’

এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এবং কুমারখালী থানার ওসি জামাল উদ্দিনসহ অনেকে।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম