
মাগুরার মহম্মদপুর উপজেলায় বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী
‘৬ মাসে যা করেছি, ৬ বছরেও কোনো সরকার তা করতে পারবে না’: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ছয় মাসে সরকার যে কাজ করেছে, তা কোনো সরকার ছয় বছরেও করে দেখাতে পারবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। গত ছয় মাসে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এত নিরলস পরিশ্রম করেছি যে, এই ছয় মাসে যা করা হয়েছে, তা ছয় বছরেও কোনো সরকার করে দেখাতে পারবে না।’
গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, খুব শিগগিরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের নির্বাচন হবে।
তিনি বলেন, ‘আমাদের দল থেকে একক প্রার্থী দেওয়া হবে। যে প্রার্থী পাস করার মতো, তাকেই আমরা মনোনয়ন দেব।’
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে সংস্কৃতিমন্ত্রী বলেন, এ ধরনের ষড়যন্ত্র যুগ যুগ ধরেই হয়ে আসছে। অতীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এসব ষড়যন্ত্র মোকাবিলা করেছেন। এখন তারেক রহমানের নেতৃত্বে সরকারের মন্ত্রীরাও তা মোকাবিলা করবেন।
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আমরাও সরকারের মন্ত্রী হিসেবে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র মোকাবিলা করব।’
আলোচনা সভার আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহম্মদপুর উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক মৈমুর আলী মৃধা। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মতিউর রহমানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










Design and Development by : webnewsdesign.com