
ইতালিতে হামলা ও হেনস্তা, অভিনেত্রী বাঁধন বললেন ‘আমাকে দমানো সহজ নয়’
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, ছোড়া হলো পানি-কোক-ডিম; ‘জুলাই জঙ্গি’ বলে কটূক্তি
ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারা হয়েছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাঁর মুঠোফোন ফেলে দেওয়া ও কানের পাশেও আঘাত করার অভিযোগ উঠেছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, ঘটনার সময় বাঁধনের সঙ্গে তাঁর ভাই ও পরিবারের সদস্যদের পাশাপাশি একটি শিশুও ছিল। হামলার পর স্থানীয় থানায় অভিযোগ করেছেন অভিনেত্রী।
বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণেই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও ছাত্রলীগের (নিষিদ্ধ) কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দিয়েছেন বলে দাবি তাঁর।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাঁধনকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বলেন। পাশাপাশি পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার ও প্রকাশের চেষ্টা করা হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন বাঁধন। পরে হামলা ও হেনস্তার কয়েকটি ভিডিওও প্রকাশ করেন তিনি। প্রকাশিত ভিডিওতে কয়েকজনকে তাঁর দিকে তেড়ে যেতে, ধস্তাধস্তি করতে এবং উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়। তাঁদের কয়েকজনকে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ বলেও কটূক্তি করতে শোনা যায়।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, ‘এখানে আমি আমার ভাইয়ের পরিবারের সঙ্গে পার্কে গিয়েছিলাম। সেখানে আমাদের অনেক বাঙালি ভাই এসে আমাকে ফিজিক্যালি হ্যারাস করেছে। আমার শরীরে পানি, কোক ছুড়ে মেরেছে। এতে আমি একদম ভিজে যাই।’
তিনি আরও বলেন, ‘তারা আমার শরীরে হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে। আমার কানের পাশে আঘাত করেছে।’
ঘটনার সময় সঙ্গে থাকা শিশুটিকেও কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। প্রকাশিত একটি ভিডিওতে শিশুটির কথা উল্লেখ করে হামলাকারীদের থামানোর চেষ্টা করতে শোনা যায়। জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘কিসের আবার বাচ্চা, ওকে জয় বাংলা বলতে হবে।’
বাঁধনের ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে।’
‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না’
হামলার প্রতিবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না।’
তিনি আরও বলেন, ‘আপনারা আজ সারা বিশ্বের মানুষকে দেখালেন, বাংলাদেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে হেনস্তা করা হলো।’
হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, তাঁদের এমন ‘অসংলগ্ন আচরণ’ থেকে বেরিয়ে আসা উচিত ছিল। এ ধরনের আচরণের মাধ্যমে নিজেদের রাজনৈতিক অবস্থান পুনর্গঠন করা সম্ভব হবে বলেও তিনি মনে করেন না।
ভিডিও বার্তায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি বলেন, সজীব ওয়াজেদ জয়ও ভেনিসে আছেন বলে তিনি জেনেছেন এবং তাঁর কাছেও ঘটনাটি পৌঁছে দেওয়ার কথা জানান।
ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালিতে বাঁধন
রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গেছেন আজমেরী হক বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে শহরে অবস্থান করছেন। সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে হামলা ও হেনস্তার এ ঘটনা ঘটে।
২০২৪ সালের জুলাই–আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। আন্দোলনের পক্ষে দেশি-বিদেশি গণমাধ্যমেও কথা বলেছিলেন তিনি।
এদিকে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।
রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।










Design and Development by : webnewsdesign.com