
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সামাজিক কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল তুলে নিয়ে গেছে
টাঙ্গাইলে সামাজিক কবরস্থান থেকে ৫ কঙ্কাল চুরির অভিযোগ, এলাকায় আতঙ্ক
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া সামাজিক কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারীর কঙ্কাল রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা মো. বাবুল সিকদার জানান, রোববার (২০ জুলাই) সকালে গ্রামের দুই ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে কবরের বাঁশ ও সাদা কাফনের কাপড় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা কবরস্থানে গিয়ে কয়েকটি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতের অন্ধকারে সামাজিক কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল তুলে নিয়ে গেছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সোহাগপাড়া এলাকার একটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।











Design and Development by : webnewsdesign.com