
বুলবুল হত্যার প্রতিবাদে মহাসড়কে ইসলামী আন্দোলনের বিক্ষোভ
নারায়ণগঞ্জের বন্দরে রিকশা গ্যারেজ মালিক ও ইসলামী যুব আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা।
শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে চলে এ কর্মসূচি। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় বুলবুলকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে। ৪৫ বছর বয়সী বুলবুল ওই এলাকায় রিকশার গ্যারেজ চালাতেন। তিনি ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার বাড়ি সালেহনগর শাহী মসজিদ এলাকায়। তিনি রাজা মাস্টারের ছেলে।
যেভাবে হত্যা
অভিযোগ রয়েছে, সালেহনগর এলাকায় বুলবুলকে একা পেয়ে শেখ সিফাত ও তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বুলবুলের গ্যারেজে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি পরে মামলা করেন।
ওই মামলায় স্থানীয় কিশোর গ্যাংয়ের কথিত নেতা শেখ সিফাতসহ কয়েকজনকে আসামি করা হয়। মামলা নিয়ে বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধ চলছিল বলে দাবি করেন মাছুম বিল্লাহ। তার অভিযোগ, ওই বিরোধের জেরেই বুলবুলের ওপর হামলা চালানো হয়।
মহাসড়কে বিক্ষোভ
বিক্ষোভকারীরা জানান, শেখ সিফাত ও তার সহযোগীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। প্রায় এক ঘণ্টা পর তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, বিক্ষোভকারীরা প্রায় এক ঘণ্টা মহাসড়কে অবস্থান করেছিলেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সিফাতকে বৃহস্পতিবার রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।










Design and Development by : webnewsdesign.com