
‘কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করলে তাকে চুমু দিবো, এমন সুশীল ব্যক্তি আমি না’
ব্যক্তিগত আক্রমণ করা হলে পাল্টা ভাষায় জবাব দেবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
রাশেদ খাঁনের দাবি, সোমবার এটিএন নিউজের একটি টকশোতে তিনি গঠনমূলকভাবে কথা বলার চেষ্টা করছিলেন। তবে অনুষ্ঠানের শেষ দিকে সারোয়ার তুষার তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। তাকে ‘মিডিয়া দেখলে সবার আগে, আর পুলিশ দেখলে সবার পরে’ বলে মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এর জবাবে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন আন্দোলনে ভূমিকার কথা তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি দাবি করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় শেখ হাসিনাকে কটূক্তির মামলায় তাকে জেলে যেতে হয়েছিল এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছিলেন।
রাশেদ আরও দাবি করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক নেতার সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন। আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যোগাযোগ, লজিস্টিক সহায়তা এবং কর্মপন্থা নির্ধারণেও ভূমিকা রেখেছেন বলে দাবি করেন তিনি।
টকশোতে সারোয়ার তুষারের সঙ্গে বাকবিতণ্ডার বিষয়ে রাশেদ বলেন, তাকে একাধিকবার ‘বেয়াদব’ ও ‘মিথ্যুক’ বলা হলে তিনি পাল্টা জবাব দেন। প্রথমবার তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি দাবি করে রাশেদ বলেন, দ্বিতীয়বার একই ধরনের মন্তব্যের পর তিনি জবাব দিতে বাধ্য হন।
পোস্টে সারোয়ার তুষারের জুলাই আন্দোলনে ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন।
সবশেষে তিনি বলেন, কেউ তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করলে তিনি চুপ করে থাকবেন না। তবে রাজনৈতিক পরিসরে পারস্পরিক ভদ্রতা ও সম্মান বজায় রাখার আহ্বান জানান তিনি।










Design and Development by : webnewsdesign.com