
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সামাজিক মাধ্যমে উত্তেজনা
বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি, সামাজিক মাধ্যমে উত্তেজনা
সিলেটের বিয়ানীবাজার উপজেলার সুনাই নদীতে আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিতব্য নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ নামে একটি গোষ্ঠী। তবে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই আয়োজন চালিয়ে যেতে অনড় রয়েছেন আয়োজকরা।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, নৌকাবাইচ আয়োজন নিয়ে বিরোধের বিষয়টি তাদের আগে জানা ছিল না। এখন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, লাউতা ইউনিয়নের লাউতা ও বাহাদুরপুর এলাকার যুবকদের উদ্যোগে প্রতিবছরের মতো এবারও ২৮ আগস্ট সুনাই নদীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, অতীতে এ প্রতিযোগিতা নিয়ে কোনো বিরোধ বা বাধার ঘটনা ঘটেনি।
তবে এবার ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’-এর ব্যানারে নৌকাবাইচ বন্ধের দাবি তোলা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিযোগিতার পক্ষে-বিপক্ষে নানা বক্তব্য দেওয়া হচ্ছে। এতে এলাকায় উত্তেজনা বাড়ছে।
বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ একটি সভা করে। সভা থেকে ২৮ আগস্টের নৌকাবাইচ প্রতিযোগিতা বাতিলের দাবি জানানো হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন লাউতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গউস উদ্দিন। তিনি বলেন, উত্তেজনাকর পরিস্থিতির অবসান ঘটিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, নৌকাবাইচ নিয়ে বিরোধ বা প্রতিযোগিতা আয়োজনের বিষয়টি আগে তাদের জানা ছিল না। এখন বিষয়টি আলোচনায় এসেছে। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










Design and Development by : webnewsdesign.com