
সেন্ট্রাল হাসপাতালে মাইল ট্রেনের সহযোগিতায় ৮ হাজার ঠোঁট ও তালু কাটা শিশুর সফল অস্ত্রোপচার উদ্যাপন
বৃহস্পতিবার সেন্ট্রাল হাসপাতালে আয়োজিত এ অনুষ্ঠানে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা শিশু এবং তাদের অভিভাবকেরা অংশ নেন। দীর্ঘদিনের শারীরিক জটিলতা কাটিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখা এসব শিশুদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও আনন্দমুখর।
২০০৩ সালের ডিসেম্বরে প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. এ জে এম সালেকের হাত ধরে সেন্ট্রাল হাসপাতালে স্মাইল ট্রেনের এ মানবিক কার্যক্রমের সূচনা হয়। এরপর থেকে ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচারসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মতিওর রহমান বলেন, “গৎ বাঁধা চিকিৎসাসেবার বাইরে গিয়ে অসহায় শিশুদের মুখে হাসি ও সুন্দর ভবিষ্যৎ উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

এ সময় স্মাইল ট্রেন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও এ বি এম মোবাশ্বের নেতৃত্বাধীন চিকিৎসা দলের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়। সংশ্লিষ্টরা জানান, ঠোঁট ও তালু কাটা শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে স্মাইল ট্রেন বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছে।

সেন্ট্রাল হাসপাতাল ও স্মাইল ট্রেনের এই যৌথ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা। তাঁদের মতে, ৮ হাজার সফল অস্ত্রোপচারের এই অর্জন শুধু একটি সংখ্যা নয়, বরং হাজারো শিশুর মুখে হাসি ফোটানো এবং অসংখ্য পরিবারের জীবনে নতুন আশার আলো জ্বালানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত।








Design and Development by : webnewsdesign.com