
ঘুমের মধ্যে শঙ্খিনীর ছোবল, সাপ ধরেই হাসপাতালে নারী
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় ঘুমন্ত অবস্থায় চৈতী রানী (৫৫) নামে এক নারীকে বিষধর শঙ্খিনী সাপ ছোবল দিয়েছে। পরে স্বজনদের সহায়তায় ছোবল দেওয়া সাপটিকে ধরে সেটি সঙ্গে নিয়েই হাসপাতালে হাজির হন তিনি।
সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে চৈতী রানীকে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর আগে রাত সাড়ে ৩টার দিকে ভূল্লী উপজেলার দারাজগাঁও এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তার বাঁ পায়ে সাপটি ছোবল দেয়। চৈতী রানী ওই এলাকার কুলীন চন্দ্র রায়ের স্ত্রী।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে দেবীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কমিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার পর কুলীন চন্দ্র রায় তাকে ফোন করে দ্রুত বাড়িতে আসতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান, চৈতী রানীর বাঁ পায়ে সাপের ছোবল লেগেছে।
পরে স্বজনেরা মাছ ধরার টেটা দিয়ে সাপটিকে আটকে ফেলেন। এরপর সাপটিকে সঙ্গে নিয়েই চৈতী রানীকে হাসপাতালে নেওয়া হয়।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) জাহিদ হাসান বলেন, চৈতী রানীর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ ছিল। এমনকি সেখানে সাপের একটি দাঁতও লেগে ছিল। রোগীর সঙ্গে সাপটি নিয়ে আসায় দ্রুত সেটি শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে।
তিনি জানান, ছোবল দেওয়া সাপটি ‘বেন্ডেড ক্রেইট’, যা শঙ্খিনী বা শাঁখামুখী নামে পরিচিত। এটি অত্যন্ত বিষধর সাপ এবং সাধারণত ঘুমন্ত মানুষকে কামড়ায়। চৈতী রানীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন।











Design and Development by : webnewsdesign.com