
কাশিয়ানীতে ছাত্রলীগের বিক্ষোভ, মহাসড়কে আগুন
গোপালগঞ্জের কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাশিয়ানী উপজেলার সাম্পান রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা জামায়াত ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
কিছুক্ষণ সড়কে অবস্থান করার পর বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান বলেন, কয়েকজন ছাত্রলীগের নামধারী ব্যক্তি ব্যানার নিয়ে মিছিল করে সড়কে টায়ারে আগুন জ্বালান। এতে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।










Design and Development by : webnewsdesign.com