
ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করার হুঁশিয়ারি শফিকুর রহমানের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের মানুষ ২৪ ঘণ্টা বিদ্যুৎ, গ্যাস ও পানি পাচ্ছে কি না—এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। কৃষক সময়মতো সার পাচ্ছেন কি না, ব্যবসায়ীরা চাঁদাবাজমুক্ত পরিবেশে ব্যবসা করতে পারছেন কি না—এসব সমস্যার সমাধান চান বলেই তারা রাস্তায় নেমেছেন।
শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “এই লংমার্চ দেশের সব বিভাগীয় শহরে যাবে। ছয় দফা দাবি আদায়ে আন্দোলন শুরু হয়েছে। সরকার এসব দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন সফল করেই আমরা ঘরে ফিরব।”
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস ও সারসংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
‘কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করুন’
কুমিল্লাবাসীর দীর্ঘদিনের বিভাগ দাবির প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, “আপনারা কুমিল্লা বিভাগ চান। ১৯৯৪ সালে সিলেট বিভাগ হওয়ার সময় একই সঙ্গে কুমিল্লাকে বিভাগ করার দাবিও উঠেছিল। কিন্তু তখন কুমিল্লা বিভাগ হয়নি। তাহলে কুমিল্লাবাসীর অপরাধ কী?”
তিনি বলেন, সরকারকে তারা পরিষ্কারভাবে জানিয়েছেন—কুমিল্লা বিভাগ নিয়ে আর কোনো টালবাহানা করা যাবে না। দ্রুত কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতে হবে।
নোয়াখালীর মানুষও বিভাগ দাবি করছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের দাবিও পূরণ করা উচিত। তবে কুমিল্লাবাসী ১৯৯৪ সাল থেকেই বিভাগ দাবি করে আসছেন, তাই কুমিল্লা বিভাগ আগে বাস্তবায়ন করতে হবে।
খন্দকার মোশতাকের বাড়ি কুমিল্লায়—এ কারণে কুমিল্লার প্রতি কোনো সরকার বিরাগ দেখিয়েছে কি না, এমন প্রশ্নও তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো জেলার নাম বা ইতিহাসকে কেন্দ্র করে সেই জেলার মানুষের প্রতি বৈষম্য করা হলে তা পুরো জেলার নাগরিকদের অপমান করার শামিল।
কুমিল্লায় বিমানবন্দর চালুর দাবি
কুমিল্লায় বিমানবন্দর চালুর বিষয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, কুমিল্লায় একটি ইপিজেড রয়েছে। সম্ভাব্যতা যাচাই-বাছাই করে বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া যেতে পারে। তবে এর আগে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা জরুরি।
তিনি বলেন, প্রশাসনিক বিভিন্ন কাজে কুমিল্লার মানুষকে চট্টগ্রামে যেতে হয়। কুমিল্লা বিভাগ হলে স্থানীয়ভাবেই মানুষ প্রয়োজনীয় প্রশাসনিক সেবা পাওয়ার সুযোগ পাবেন।
‘দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন’
সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি সরকার কতটা বাস্তবায়ন করেছে, তা জনগণই মূল্যায়ন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “নিজের মন্ত্রণালয়ের দায়িত্ব যথাযথভাবে পালন করুন। অন্য দায়িত্ব থাকলে সেগুলো ছেড়ে দিয়ে আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন। আমাদের যুবসমাজকে রক্ষা করুন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন।”
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীনের সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ অন্য নেতারা।










Design and Development by : webnewsdesign.com