
দিনাজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দেয় ছাত্রদলের নেতা–কর্মীরা। গতকাল শনিবার রাতে ছবি: প্রথম আলো
দিনাজপুরে ছাত্রলীগ নেতা আটক: ৫ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ, অস্বীকার
দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন কর্মীর বিরুদ্ধে। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে শহরের সরকারি কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১টার দিকে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি গোলাম মুর্শিদ (৩০)। তিনি বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। পাশাপাশি দিনাজপুর জজ কোর্টে এক আইনজীবীর সহকারী হিসেবেও কাজ করেন।
ভুক্তভোগীর পরিবারের দাবি, শনিবার সন্ধ্যায় চাচার ব্যক্তিগত গাড়ি মেরামতের জন্য শহরের মির্জাপুর টার্মিনাল এলাকায় যান মুর্শিদ। পরে রাত ৯টার দিকে সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক কর্মী ফোন করে তাঁকে কলেজ মোড়ে ডাকেন।
সেখানে পৌঁছানোর পর ছাত্রদলের কর্মী আব্দুল্লাহ আল আমান ও আসিফ শাহরিয়ার চৌধুরী তাঁকে কলেজের প্রধান ছাত্রাবাসে নিয়ে যান বলে অভিযোগ। পরিবারের ভাষ্য, সেখানে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এমনকি তাঁর মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করা হয়। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে মারধর করা হয়।
পরিবার আরও জানায়, পরে বিষয়টি ছাত্রদলের অন্য নেতাদের জানাজানি হলে রাত পৌনে ১টার দিকে কলেজের উত্তর গেটে আবারও মারধর করে গোলাম মুর্শিদকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী ও সভাপতি পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমান। তাঁর দাবি, গোলাম মুর্শিদ দীর্ঘদিন ধরে শহরে অবস্থান করে ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। শনিবার রাতে তাঁকে আরও তিনজনের সঙ্গে একটি প্রাইভেট কারে দেখে আটকানোর চেষ্টা করা হলে অন্যরা পালিয়ে যান। পরে মুর্শিদকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হাবিবও একই দাবি করেন। তিনি বলেন, কয়েক দিন আগে শহরের পাঁচবাড়ি এলাকায় ছাত্রলীগের একটি মিছিলে গোলাম মুর্শিদ অংশ নিয়েছিলেন। সেই কারণেই তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। চাঁদা দাবির অভিযোগও তিনি নাকচ করেন।
দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গোলাম মুর্শিদকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযোগগুলো যাচাই করে তাঁর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।










Design and Development by : webnewsdesign.com