
‘প্রমাণ করতে চাই, মামলাগুলো ভুয়া’—আসাদুজ্জামান খান কামাল
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ও আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে তিনি প্রস্তুত। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ‘ভুয়া’ এবং তার সঙ্গে ‘ন্যায়বিচার করা হয়নি’—এমন দাবি করেছেন তিনি।
শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদনে নিজের অবস্থান তুলে ধরেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নেত্রী যেরকম ঘোষণা দিয়েছেন, সেভাবেই আমরাও দেশে ফিরে গিয়ে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত। আমরা প্রমাণ করতে চাই, আমাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো ভুয়া ছিল, আমাদের সঙ্গে ন্যায়বিচার করা হয়নি।’
দেশ ছাড়ার পরের সময়টাকে কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করে কামাল বলেন, প্রায় এক বছর তিনি ‘ট্রমার’ মধ্য দিয়ে কাটিয়েছেন। পলাতক জীবনের নানা অভিজ্ঞতাও তিনি তুলে ধরেন। একই সঙ্গে দেশে ফিরে ‘যেকোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত’ বলেও জানান।
২০২৪ সালের ৫ আগস্টের ঘটনাপ্রবাহের কথা উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেদিনের পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন না। তার ভাষায়, হয়তো তাদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস ছিল এবং ভুল তথ্যও দেওয়া হয়েছিল।
তিনি জানান, সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর তিনি ভারতে পৌঁছান।
ভারতে থাকা অবস্থায় নিজের পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়েও কথা বলেন কামাল। তিনি দাবি করেন, যারা দেশ থেকে সরে আসতে পারেননি, তাদের অনেকেই কারাগারে আছেন অথবা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
কামাল বলেন, তার ছেলে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও প্রায় দুই বছর ধরে কারাগারে রয়েছেন। তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। বর্তমানে নিরাপত্তাকর্মীরা যতটুকু সম্ভব সেগুলো রক্ষা করছেন বলে জানান সাবেক এই মন্ত্রী।
ভারতে গত দুই বছর মূলত আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহযোগিতায় তার সংসার চলছে বলেও দাবি করেন তিনি।
এদিকে জুলাই-আগস্টের আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোসহ তার অধীনস্থ পুলিশ বাহিনীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়েও প্রশ্ন করা হয় তাকে।
জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পুলিশ ও আনসার সদস্যরা ৫ আগস্ট দুপুর পর্যন্ত ‘সঠিকভাবেই দায়িত্ব পালন করেছে’ বলে তিনি মনে করেন।
২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে হত্যার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে।










Design and Development by : webnewsdesign.com