সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / সারাদেশ
৪:২৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬

‘বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়’

‘বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়’

মাত্র একটি আইফোনের জন্য ১৩ বছরের অপ্রতিমকে হত্যা, বন্ধুরাই নিয়ে যায় জঙ্গলে

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কুমিল্লায় মাত্র একটি আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে ১৩ বছরের কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি সিয়াম নামে আরও একজনকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ সুপার জানান, আইফোন ছিনিয়ে নিতে অপ্রতিমকে জঙ্গলের দিকে নিয়ে যায় তুহিন। সেখানে বাঁশের শক্ত লাঠি দিয়ে তার মাথায় আঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে মরদেহ জঙ্গলে ফেলে রাখা হয়।

তিনি বলেন, অপ্রতিম নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, তুহিন অপ্রতিমকে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। ওই ফুটেজের সূত্র ধরে তুহিনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করে, অপ্রতিমের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। এ ঘটনায় ফাহাদও জড়িত ছিল বলে জানায় তুহিন। পরে ফাহাদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে কামরুলের সম্পৃক্ততার কথা জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তুহিনের বাসা থেকে অপ্রতিমের আইফোন উদ্ধার করা হয়।

এদিকে দুই দফা জানাজা শেষে কুমিল্লার কোটবাড়ির বাগমারা গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছে অপ্রতিম। রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে মসজিদের সামনে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাগমারা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে কান্নাজড়িত কণ্ঠে অপ্রতিমের বাবা ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার আর নতুন করে কিছু বলার নেই, আমি কেবল আমার সন্তান হত্যার উপযুক্ত বিচার দেখতে চাই।’

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর এখনো তার পূর্ণ আস্থা রয়েছে। তবে সামান্য একটি আইফোনের জন্য তার ১৩ বছর বয়সী ছেলেকে এভাবে হত্যা করা হয়েছে—এটি কোনোভাবেই বিশ্বাস করতে পারছেন না তিনি।

অপ্রতিমের বাবা আরও বলেন, তার ছেলে যাদের সঙ্গে গিয়েছিল, তাদের নিজের বন্ধু মনে করে বিশ্বাস করেছিল। স্নেহের হাত কাঁধে রেখে হাসিমুখে তাদের সঙ্গে পাহাড়ের দিকে গিয়েছিল সে। কিন্তু সেই বিশ্বাসের হাতই শেষ পর্যন্ত তার নিষ্পাপ সন্তানকে হত্যা করেছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ছিল ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম।

শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন লালমাই সানন্দা পাহাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিউজ সুত্র: আমার দেশ

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম