সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / রাজনীতি
১১:৪৯ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করবে এনসিপি, ঢাকা উত্তরে আসিফ দক্ষিণে পাটওয়ারী প্রার্থী

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করবে এনসিপি, ঢাকা উত্তরে আসিফ দক্ষিণে পাটওয়ারী প্রার্থী

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক
৫ মিনিটে পড়ুন |

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে নির্বাচন করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনেও এককভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এরই মধ্যে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণসহ পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে এনসিপি।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী হচ্ছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁদের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে পরে ঘোষণা করবে দল।

এনসিপির দলীয় সূত্র জানায়, সম্প্রতি ১১-দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির প্রস্তুতি সভায় স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে নয়, বরং নিজ নিজ প্রতীকে আলাদাভাবে অংশ নেওয়ার বিষয়ে শরিকেরা একমত হন। এরপর এনসিপির রাজনৈতিক পরিষদের বৈঠকে সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী তালিকায় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকার দুই সিটিতে প্রার্থী বদল

গত ৩০ মার্চ ঢাকাসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছিল এনসিপি। তখন ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তরে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

তবে এবার সেই সিদ্ধান্তে পরিবর্তন এনেছে দলটি। আরিফুল ইসলাম আদীবের পরিবর্তে ঢাকা উত্তরে আসিফ মাহমুদকে এবং ঢাকা দক্ষিণে আসিফ মাহমুদের পরিবর্তে নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে।

দলীয় সূত্র বলছে, প্রার্থী বাছাইয়ের আগে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় কয়েকটি সমীক্ষা চালানো হয়। এসব সমীক্ষায় আসিফ মাহমুদকে ঢাকা উত্তরে এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঢাকা দক্ষিণে প্রার্থী করা হলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি বলে তথ্য উঠে আসে। পরে আসিফ মাহমুদও মাঠপর্যায়ে পরিস্থিতি যাচাই করে ঢাকা উত্তরে নির্বাচন করার বিষয়ে সম্মতি দেন।

ভোটার এলাকা বদল

মেয়র পদে নির্বাচনকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছেন আসিফ মাহমুদ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।

আসিফ মাহমুদ ঢাকা দক্ষিণের ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর থেকে ভোটার এলাকা পরিবর্তন করে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় এলাকার ভোটার হয়েছেন।

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদীয় এলাকার ভোটার হওয়া বাধ্যতামূলক নয়। তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার ভোটার হতে হয়। একইভাবে মনোনয়নপত্রের প্রস্তাবক ও সমর্থককেও ওই এলাকার ভোটার হতে হয়।

এনসিপির নেতারা বলছেন, মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতির অংশ হিসেবেই দুজন তাঁদের ভোটার এলাকা পরিবর্তন করেছেন।

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী

ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও গত ৩০ মার্চ কুমিল্লা, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছিল এনসিপি।

কুমিল্লা সিটি করপোরেশনে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক মো. মোবাশ্বের আলী এবং সিলেট সিটি করপোরেশনে মহানগর এনসিপির আহ্বায়ক আবদুর রহমান আফজালকে প্রার্থী ঘোষণা করা হয়েছিল।

অন্যদিকে জামায়াতে ইসলামী এখনো সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে ঢাকা দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এবং ঢাকা উত্তরে মহানগর আমির সেলিম উদ্দিন মেয়র পদে নির্বাচন করতে পারেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।

নাসীরুদ্দীনের রাজনৈতিক অবস্থানও বিবেচনায়

এনসিপির সূত্র জানায়, গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার কারণে ওই এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে। দলীয় সমীক্ষাতেও এর প্রতিফলন পাওয়া গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই তাঁকে ঢাকা দক্ষিণে মেয়র পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত জাতীয় সংসদ নির্বাচনে ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অল্প ব্যবধানে তাঁকে হারিয়ে জয়ী হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ওই নির্বাচনে অংশ নেননি।

আসিফ মাহমুদ বলেন, তাঁর ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ। প্রায় দুই সপ্তাহ আগে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা করে তাঁকে ঢাকা উত্তরে এবং নাসীরুদ্দীনকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করানোর সিদ্ধান্ত হয়েছে। তবে দল আনুষ্ঠানিকভাবে পরে প্রার্থী ঘোষণা করবে।

স্থানীয় নির্বাচনে আলাদা, রাজনীতিতে ঐক্যবদ্ধ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ জানিয়েছেন, সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচনেই এককভাবে অংশ নেবে এনসিপি। সেই লক্ষ্যেই দলটি প্রস্তুতি নিচ্ছে।

জামায়াতে ইসলামী ও এনসিপির সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার বিষয়ে জামায়াতের আগ্রহ কম। এনসিপিসহ অন্য শরিকেরাও মনে করছে, স্থানীয় নির্বাচনে কার্যকরভাবে জোটগতভাবে প্রার্থী দেওয়া কঠিন। অতীতেও স্থানীয় নির্বাচনে জোটগতভাবে প্রার্থী দেওয়ার তেমন নজির নেই। এসব বিষয় বিবেচনায় নিয়ে ১১-দলীয় ঐক্যের নেতারা স্থানীয় নির্বাচনে আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ভোটের মাঠে আলাদা থাকলেও রাজনৈতিকভাবে ১১-দলীয় ঐক্য অটুট থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন, বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে তারা ঐক্যবদ্ধ কর্মসূচি চালিয়ে যাবে। এরই মধ্যে আরও তিনটি লংমার্চ এবং পরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি রয়েছে।

শরিকদের প্রার্থীরা যাতে স্থানীয় নির্বাচনে পরস্পরের সঙ্গে সংঘাতে না জড়ান, সে বিষয়েও সমন্বয় থাকবে বলে জানা গেছে। নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে অসহযোগিতা কিংবা কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তারের চেষ্টা হলে ১১-দলীয় ঐক্যের শরিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে।

এনসিপি ও জামায়াতের সূত্রগুলোর মতে, স্থানীয় নির্বাচনে ভোট আলাদা হলেও রাজনৈতিক কর্মসূচিতে একসঙ্গে মাঠে থাকার নীতিই অনুসরণ করবে ১১-দলীয় ঐক্য।

এনসিপির অন্যতম শরিক দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাজনৈতিকভাবে ১১ দল ঐক্যবদ্ধভাবে এগোবে। তবে স্থানীয় নির্বাচনে তারা আলাদাভাবে ভোট করবে। স্থানীয় নির্বাচনে তাঁদের প্রচারের লক্ষ্য কোনো ব্যক্তি নয়, বরং বিদ্যমান ব্যবস্থা। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে তাঁরা সোচ্চার থাকবেন।

নিউজ সূত্র: প্রথম আলো

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম