সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / সারাদেশ
১২:২৯ পিএম, ২০ আগস্ট ২০২৬

ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক

ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক

সাভারে ১২ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আটক

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ঢাকার সাভারে ১২ বছরের এক শিশুশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে গাজী এইচ এম রবিউল আওয়াল নামে এক মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে ভুক্তভোগী শিশুটির মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে শিশুটির আরবি পরীক্ষার ফল খারাপ হলে তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ রবিউল আওয়াল। মেয়ের পড়াশোনার উন্নতির কথা ভেবে তার মা এতে সম্মতি দেন।

এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়ত। অভিযোগ, এই সুযোগে অধ্যক্ষ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন। বিষয়টি কাউকে জানালে তাকে ভয়ভীতিও দেখানো হতো।

সোমবার (১৭ আগস্ট) দুপুরেও নিজ কক্ষে শিশুটিকে একইভাবে নিপীড়ন করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় শিশুটি কান্না শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

মাদরাসা থেকে বাড়ি ফেরার পর শিশুটি কান্নাকাটি করলে তার মা কারণ জানতে চান। তখন শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলো বিস্তারিত জানায়। পরে তার মা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল বলেন, ‘শয়তানের ধোঁকায় পড়ে আমি এমনটি করে ফেলেছি।’

এদিকে অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম দাবি করেন, তিনি ঘটনাটি জানতেন এবং শিশুটির মাকেও বিষয়টি জানিয়েছিলেন। তার স্বামী ওই শিশুটিকে বিয়ে করার কথা তাকে বলেছিলেন বলেও জানান তিনি।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, শিশুটির মায়ের লিখিত অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম