
মেয়ের বিয়ের জন্য জমানো ২ লাখ টাকা, ইঁদুর-উইপোকার পেটে
সন্তানদের ভবিষ্যৎ আর সংসারের প্রয়োজন মেটানোর আশায় দিনের পর দিন কঠোর পরিশ্রম করে টাকা জমিয়েছিলেন গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া। রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে কাজ করে অল্প অল্প করে গড়ে তুলেছিলেন প্রায় দুই লাখ টাকার সঞ্চয়।
কিন্তু বছরের পর বছর কষ্ট করে জমানো সেই টাকাই শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না তিনি। ঘরের কাঠের আলমারিতে রাখা পুরো সঞ্চয় নষ্ট হয়ে গেছে ইঁদুর ও উইপোকার আক্রমণে।
ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামে। গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আলমারি খুলে টাকা বের করতে গিয়ে চোখে পড়ে ভয়াবহ দৃশ্য। ৫০০ ও ১০০০ টাকার নোটগুলো ছেঁড়া-ফাঁড়া হয়ে কুটি কুটি অবস্থায় পড়ে ছিল। বেশিরভাগ নোটই আর ব্যবহারের উপযোগী নেই।
স্থানীয় ইউপি সদস্য মো. ছোবেদ আলী জানান, ছেলে-মেয়ের বিয়ে ও সংসারের গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন তোফাজ্জল হোসেন। ব্যাংকে টাকা না রেখে তিনি ঘরের কাঠের আলমারিতে নগদ অর্থ সংরক্ষণ করতেন।
টাকা নষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়লে শনিবার বিকেলে তোফাজ্জালের বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। তাদের চোখের সামনেই পড়ে ছিল একজন কৃষকের বহু বছরের পরিশ্রমে গড়ে তোলা সঞ্চয়ের ছিন্নভিন্ন অবস্থা।
কান্নাজড়িত কণ্ঠে তোফাজ্জল হোসেন বলেন, ‘সারাজীবন রোদে পুড়ে মাঠে কাজ করছি। একটা টাকাও অযথা খরচ করিনি। ভাবছিলাম মেয়েটার বিয়ে দেব। এখন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে।’
স্থানীয়দের ভাষ্য, ব্যাংকে টাকা রাখার অভ্যাস না থাকায় গ্রামের অনেক মানুষই ঘরে নগদ অর্থ জমিয়ে রাখেন। বিশেষ করে বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যাওয়ার পাশাপাশি ইঁদুর ও উইপোকার উপদ্রবও বাড়ে। ফলে অসাবধানতায় অনেক সময় মানুষের জমানো অর্থ নষ্ট হয়ে বড় ধরনের ক্ষতি হয়।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে কোনো ধরনের সহযোগিতার সুযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
বহু বছরের শ্রমে গড়ে তোলা সঞ্চয় এক মুহূর্তে নষ্ট হয়ে যাওয়ায় এখন দিশেহারা তোফাজ্জাল হোসেন। মেয়ের বিয়ে ও পরিবারের প্রয়োজন মেটানোর যে স্বপ্ন নিয়ে টাকা জমিয়েছিলেন, ইঁদুর ও উইপোকার আক্রমণে সেই স্বপ্নই যেন ভেঙে চুরমার হয়ে গেছে।












Design and Development by : webnewsdesign.com