
প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্রীয় সফরে দিল্লি নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দিনের এই সফর আগস্টের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, প্রাথমিকভাবে ভারত ২০ ও ২১ আগস্ট সফরের জন্য প্রস্তাব দিয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তুতিও শুরু করেছেন। তবে ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন এবং এরপর শপথ অনুষ্ঠানের বিষয়টি বিবেচনায় নিয়ে সফরের তারিখ পরিবর্তনের কথা ভাবছে ঢাকা।
বাংলাদেশের পক্ষ থেকে ২২ ও ২৩ আগস্ট সফর আয়োজন করা যায় কি না, তা নিয়ে আলোচনা চলছে। ফলে আগস্টের তৃতীয় ও চতুর্থ সপ্তাহের মধ্যে সুবিধাজনক কোনো তারিখে প্রধানমন্ত্রীর দিল্লি সফর হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশই সম্পর্ক আরও এগিয়ে নিতে ‘সহায়ক পরিবেশ’ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে সংবেদনশীল বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধানের বিষয়ে জোর দিচ্ছে বাংলাদেশ। অন্যদিকে ভারতও খোলামেলা আলোচনা ও পারস্পরিক সহযোগিতার দিকে গুরুত্ব দিচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার পর ঢাকায় ফিরেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। চার দিনের দিল্লি সফরে তিনি বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্কের বিষয়ে বিভিন্ন বার্তা ভারতের প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন বলে জানা গেছে।
দিল্লি থেকে ফিরে তিনি সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বাংলাদেশের জন্য বার্তা নিয়ে এসেছেন বলে কূটনৈতিক সূত্রের দাবি। তবে গতকাল পর্যন্ত বাংলাদেশ সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে তাঁর আনুষ্ঠানিক বৈঠক হয়নি।
এখন দুই দেশের আলোচনার ওপরই নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভারত সফরের চূড়ান্ত তারিখ।












Design and Development by : webnewsdesign.com