
গোলাপগঞ্জে সমাবেশে যোগ দিতে সিলেটে এনসিপির শীর্ষ নেতারা, শহীদ ৭ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন
গোলাপগঞ্জে সমাবেশে যোগ দিতে সিলেটে এনসিপির শীর্ষ নেতারা, শহীদ ৭ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন
সিলেটের গোলাপগঞ্জে আয়োজিত সমাবেশে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা সিলেটের উদ্দেশে রওয়ানা হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে দলটির শীর্ষ নেতারা একসঙ্গে যাত্রা শুরু করেন।
এ সফরে রয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।
দলীয় সূত্র জানিয়েছে, সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গোলাপগঞ্জে শহীদ হওয়া সাতটি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেবেন, তাদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করবেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।
এনসিপির গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতারা জানান, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি সফরকালে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গেও মতবিনিময় করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
গোলাপগঞ্জের সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়ভাবে সমাবেশ সফল করতে বিভিন্ন প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।










Design and Development by : webnewsdesign.com