
সাইফউদ্দিনের ঝড়ে দাপুটে জয়, সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
প্রথম ম্যাচের হতাশা ভুলে দুর্দান্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ। ব্যাটিং, বোলিং—দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। এখন রোববারের তৃতীয় ও শেষ ম্যাচই ঠিক করে দেবে সিরিজের ভাগ্য।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। দুজন মিলে গড়েন ১২০ রানের দুর্দান্ত উদ্বোধনী জুটি, যা বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।
সাইফ হাসান ৫৬ এবং তানজিদ হাসান তামিম ৬০ রানের ঝকঝকে ইনিংস খেললেও তাদের বিদায়ের পর হঠাৎই ধস নামে বাংলাদেশের ব্যাটিংয়ে। মাত্র ২১ রানের ব্যবধানে ফিরে যান তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান। একসময় মনে হচ্ছিল, বড় সংগ্রহের সম্ভাবনা হাতছাড়া হতে যাচ্ছে।
ঠিক তখনই ম্যাচের চিত্র বদলে দেন মোহাম্মদ সাইফউদ্দিন ও ইয়াসির আলি। শেষ ১৯ বলে অবিচ্ছিন্ন ৪৫ রানের বিধ্বংসী জুটিতে বাংলাদেশকে পৌঁছে দেন ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহে।
সাইফউদ্দিন মাত্র ১০ বলেই খেলেন ৩১ রানের ঝড়ো ইনিংস। চারটি বিশাল ছক্কা ও একটি চারে সাজানো তার ইনিংসটি ছিল বাংলাদেশের শেষ মুহূর্তের সবচেয়ে বড় শক্তি। অন্যদিকে ইয়াসির আলি ১২ বলে ২২ রানের কার্যকর ক্যামিও খেলেন।
১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। মাত্র ২১ রানেই হারায় তিনটি গুরুত্বপূর্ণ উইকেট। অধিনায়ক সিকান্দার রাজা ও মিল্টনের ৪৪ রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা।
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে ১৯.৪ ওভারে ১৫২ রানেই অলআউট হয় জিম্বাবুয়ে। লেগ স্পিনার রিশাদ হোসেন ছিলেন সবচেয়ে সফল বোলার। ৩.৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে তুলে নেন চারটি গুরুত্বপূর্ণ উইকেট। আর ব্যাটে ঝড় তোলার পর বল হাতেও একটি উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স উপহার দেন মোহাম্মদ সাইফউদ্দিন।
উল্লেখ্য, সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৮ রানে অলআউট হয়ে ৩২ রানের পরাজয় বরণ করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সিরিজে সমতা ফিরিয়েছে টাইগাররা। এখন রোববারের শেষ ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের চ্যাম্পিয়ন।










Design and Development by : webnewsdesign.com