
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পেনের ফুটবল দলের জয় উদ্যাপনের পর আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদা দেওয়াকে কেন্দ্র করে এক শারীরিক ও মানসিক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আকবর হোসেন ওরফে জানি (২৩)। তিনি উপজেলার শিবপুর ইউনিয়নের কণিকাড়া গ্রামের শাহনূর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে ফুটবল ম্যাচে স্পেনের জয় নিশ্চিত হওয়ার পর আকবর স্থানীয় একটি স্কুল মাঠে আল্লাহর শুকরিয়া আদায় করে সেজদা দেন। অভিযোগ রয়েছে, এ সময় একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে আব্দুল্লাহ (২৭) ও আব্দুল আওয়ালের ছেলে রিফাত (২৩) ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন।
পরে স্থানীয়রা আহত আকবরকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আকবরের দাদি সেলিনা বেগম ও চাচাতো ভাই মো. ওবায়দুল্লাহ বলেন, আকবর একজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এবং বিষয়টি গ্রামের সবাই জানেন। তারা অভিযোগ করেন, শুধুমাত্র সেজদা দেওয়ার কারণে তার ওপর এমন নির্মম হামলা চালানো হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তারা।
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রাও দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আকবরের পরিবার জানিয়েছে, চিকিৎসা শেষে এ ঘটনায় নবীনগর থানায় লিখিত অভিযোগ করা হবে। তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








Design and Development by : webnewsdesign.com