
আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ক্ষেপে গিয়ে ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক! নওগাঁয় তোলপাড়
আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান, ক্ষেপে গিয়ে ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক! নওগাঁয় তোলপাড়
নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, নিজের পছন্দের দলকে নিয়ে কটাক্ষ সহ্য করতে না পেরে এক সহকারী শিক্ষক শ্রেণিকক্ষে ঢুকে প্লাস্টিকের বৈদ্যুতিক তার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে একই শ্রেণির ১৭ জন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে নওগাঁ সদর উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম, তিনি বিদ্যালয়টির সহকারী শিক্ষক।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় চতুর্থ শ্রেণির কক্ষে কোনো শিক্ষক উপস্থিত ছিলেন না। সেই সুযোগে কয়েকজন শিক্ষার্থী ফুটবল খেলায় আর্জেন্টিনার হার নিয়ে ব্যঙ্গাত্মক গান গাইতে শুরু করে। গানের শব্দ শুনে সহকারী শিক্ষক আব্দুস সালাম শ্রেণিকক্ষে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, নিজের পছন্দের ফুটবল দলকে নিয়ে ব্যঙ্গ শুনে তিনি ক্ষুব্ধ হয়ে একটি প্লাস্টিকের বৈদ্যুতিক তার দিয়ে শ্রেণিকক্ষে থাকা শিক্ষার্থীদের ওপর এলোপাতাড়ি আঘাত করেন। এতে কক্ষে উপস্থিত ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন ছেলে-মেয়ে আহত হয়।
ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। রাতে বিদ্যালয়সংলগ্ন নারচী মোড় এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভকারীরা কোমলমতি শিক্ষার্থীদের ওপর এমন শারীরিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম নিজের ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে অভিভাবক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, নওগাঁ জেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানাউল হাবিব জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










Design and Development by : webnewsdesign.com