
হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে বলে দাবি করেছে দলটি।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বের হওয়ার সময় একদল ব্যক্তি তাদের গাড়িবহরে হামলা চালায়। এনসিপির অভিযোগ, হামলাকারীরা বিএনপির নেতাকর্মী।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলায় কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগও করেছে দলটি। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লিখেছেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যও এখনও জানা যায়নি।
ঘটনার প্রকৃত কারণ এবং হামলার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।










Design and Development by : webnewsdesign.com