
জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ
‘অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড হোক’—গাজী নজরুল ইসলামকে নিয়ে হারুনুর রশিদের মন্তব্য
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক হারুনুর রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কিত ভিডিওর প্রসঙ্গ টেনে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত।
এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হারুনুর রশিদ বলেন, “আপনারা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন, সাতক্ষীরার একজন এমপির ভিডিও ভাইরাল হয়েছে। এতে আমাদের মান-ইজ্জত থাকে? যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করছেন, আমি আগেও বলেছি এটি একটি ভণ্ড রাজনৈতিক দল। তারা মুখে যা বলে, কাজে তার মিল নেই।”
তিনি আরও বলেন, “সমাজে ব্যভিচার ও জেনা ছড়িয়ে পড়ছে এ ধরনের অপরাধীদের কারণে। যারা ধর্মীয় রাজনৈতিক দলের পরিচয়ে এসব কাজ করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। যদি তদন্তে ব্যভিচার বা জেনার অভিযোগ প্রমাণিত হয়, তাহলে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

এ সময় তিনি সরকারকে বিষয়টি তদন্তের আহ্বান জানান এবং বলেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
অন্যদিকে, একই অনুষ্ঠানে হারুনুর রশিদ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডিজিটাল স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর বিষয়েও কথা বলেন। তিনি জানান, জেলা পরিষদের উদ্যোগে হাসপাতালের সেবাকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে এ কার্যক্রম শেষ হলে রোগীদের চিকিৎসার ইতিহাস, ওষুধ ব্যবস্থাপনা, প্যাথলজি পরীক্ষা, এক্স-রে ও অন্যান্য রিপোর্ট স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ ও চিকিৎসকদের কাছে পৌঁছে যাবে। রোগীরাও নিজেদের রিপোর্টের কপি পাবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার, আরএমও মাহবুব হাসান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, মাসিদুল হক নিখিলসহ অন্যরা উপস্থিত ছিলেন।












Design and Development by : webnewsdesign.com