
ইন্টারনেট স্লো করার নির্দেশ দিয়েছিলেন কাদের-অনুমতি দেন শেখ হাসিনা
জুলাই গণঅভ্যুত্থানের সময় প্রথম দফায় ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দেওয়া হয়েছিল—এমন অভিযোগের প্রমাণ হিসেবে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ফোনালাপ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (৯ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ ফোনালাপের কল রেকর্ডটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক চলছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে প্রসিকিউশনের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে রয়েছেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সুলতান মাহমুদ ও সহিদুল ইসলাম সরদার। এ সময় আসামিপক্ষের আইনজীবীরাও ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ফোনালাপে কী ছিল?
ট্রাইব্যুনালে দাখিল করা ফোনালাপে ওবায়দুল কাদেরকে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিতে শোনা যায়।
ফোনালাপে কাদের বলেন, ‘নেটটা একটু স্লো করে দাও।’
জবাবে পলক বলেন, ‘একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?’
তখন কাদের বলেন, ‘নিয়ে নাও।’
কথোপকথনের একপর্যায়ে পলক জানান, বিষয়টি করতে হলে শেখ হাসিনার অনুমতি নিতে হবে। কাদেরও তাকে শেখ হাসিনাকে জিজ্ঞেস করেই সিদ্ধান্ত নিতে বলেন।
পলক-কাদেরের ফোনালাপের অনুলিপি
পলক: ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ভাই। পলক বলছি।
কাদের: নেটটা একটু স্লো করে দাও।
পলক: জি।
কাদের: ইন্টারনেট।
পলক: একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই?
কাদের: নিয়ে নাও।
পলক: আচ্ছা, ঠিক আছে। জি, আচ্ছা ঠিক আছে।
কাদের: অনেকে আমাকে বলতেছে তো বিষয়গুলো…
পলক: হ্যাঁ, একটু ওই যে মানে বলা আছে তো যে উনি না বললে… মানে…
কাদের: না না, উনাকে জিজ্ঞেস করেই বলবা।
পলক: আচ্ছা, ঠিক আছে। জি। জি স্যার, জি স্যার। জি, আসসালামু আলাইকুম।
প্রসিকিউশনের দাবি, এই ফোনালাপ জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে। ট্রাইব্যুনালে চলমান যুক্তিতর্কে ফোনালাপটি উপস্থাপনের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।










Design and Development by : webnewsdesign.com