
সাক্ষাৎকারে সোনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক বিষয়ে ঐকমত্য থাকলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ভারতীয় বিশ্লেষক সোনি। তার মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অমীমাংসিত রয়েছে। এর মধ্যে তিস্তার পানি বণ্টন অন্যতম।
সাক্ষাৎকারে সোনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক বিষয়ে ঐকমত্য থাকলেও কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেষ পর্যন্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারেক রহমানের ভারত সফর হলে এসব বিষয় নিয়ে নতুন করে আলোচনা ও সমাধানের সুযোগ তৈরি হতে পারে।
রোহিঙ্গা সংকটের সমাধানেও ভারতের আরও সক্রিয় ভূমিকা চান তিনি। সোনির মতে, মিয়ানমারের সঙ্গে ভারতের ভালো যোগাযোগ থাকায় দেশটি মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার নিয়েও আশাবাদী সোনি। তিনি বলেন, তারেক রহমান তুলনামূলকভাবে খোলামেলা এবং তিনি ভারতবিরোধী নন। তাই ভারতও তার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরিতে সতর্কভাবে এগোচ্ছে বলে মনে করেন তিনি।
তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা এখনও রয়েছে উল্লেখ করে সোনি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। তিনি এ বিষয়ে নিজেকে ‘খুবই আশাবাদী’ বলেও জানান।
এদিকে, তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে কয়েক সপ্তাহ ধরে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ চলছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সফরের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি।
অন্যদিকে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। বাংলাদেশ তাকে ফেরত দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।
শেখ হাসিনার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না এবং সেখানে দেওয়া বক্তব্যের সঙ্গেও সরকার একমত নয়।












Design and Development by : webnewsdesign.com