
শিক্ষকের চড়ে শ্রেণিকক্ষেই মারা গেল ৬ বছরের ছাত্র
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়ের পর শ্রেণিকক্ষেই ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে ওয়ান টাউন এলাকার ‘লিটল গার্ডেনস স্কুলে’ এ মর্মান্তিক ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
নিহত শিশুটির নাম প্রণয় তেজা। সে ওই স্কুলের ইউকেজির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগের দিনের হোমওয়ার্ক না করায় এবং প্রশ্নের উত্তর দিতে না পারায় শিশুটির ওপর ক্ষিপ্ত হন এক নারী শিক্ষক। একপর্যায়ে সবার সামনে শিশুটিকে চড় মারেন তিনি।
শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই শিক্ষক শিশুটির জামা ধরে টানছেন এবং তাকে চড় মারছেন। এরপরই শিশুটি জ্ঞান হারিয়ে প্রথমে শিক্ষকের ওপর ঢলে পড়ে এবং পরে মেঝেতে পড়ে যায়।
পরে দ্রুত তাকে স্থানীয় কিং জর্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, অতিরিক্ত আতঙ্ক বা আঘাতের কারণে শিশুটির হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে কিংবা শ্বাসরোধের ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় বিশাখাপত্তনম পুলিশ মামলা করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।












Design and Development by : webnewsdesign.com