
৬ মাসের মধ্যে বাংলাদেশি হিন্দু-শিখ-জৈন শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত
বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে যাওয়া এবং নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর আওতায় আবেদন করার যোগ্য শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাওয়াখালিতে এক সভায় তিনি এ কথা বলেন। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে ভারতে যাওয়া যোগ্য হিন্দু, শিখ ও জৈন শরণার্থীদের আগামী ছয় মাসের মধ্যে নাগরিকত্ব দেওয়া হবে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় ক্ষমতাও দেওয়া হয়েছে।
তিনি জানান, সিএএ-এর আওতায় আবেদন করা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত করতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী আট জেলার ডিস্ট্রিক্ট কালেক্টরকে ক্ষমতা দেওয়া হয়েছে। যোগ্য সব শরণার্থীকে সম্মানের সঙ্গে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এর আগে বুধবার (১৯ আগস্ট) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমান্তবর্তী আট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ডিস্ট্রিক্ট কালেক্টরদের সিএএ-এর অধীনে থাকা আবেদন নিষ্পত্তির ক্ষমতা দেয়।
এর আগে এসব আবেদন কেন্দ্রীয় সরকারের শুমারি, গোয়েন্দা ব্যুরো (আইবি) ও ডাক বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে প্রক্রিয়া করা হতো।
এদিকে, সিএএ নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের বিরোধিতার সমালোচনা করেন অমিত শাহ। তিনি বলেন, সিএএ চালুর সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাকে নিয়ে উপহাস করেছিলেন এবং পশ্চিমবঙ্গে আইনটি বাস্তবায়ন হতে দেবেন না বলে জানিয়েছিলেন।
অমিত শাহ আরও বলেন, এখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার রয়েছে। রাজ্য সরকার বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।










Design and Development by : webnewsdesign.com