
সংগ্রামী কিশোর সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন প্রতিমন্ত্রী আমিনুল হক
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ফুটপাথে পানি বিক্রি করা সংগ্রামী কিশোর সুজনের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের উপার্জিত অর্থ দিয়ে বাবাকে পবিত্র হজে পাঠানোর স্বপ্নের কথা প্রকাশ করার পরই তার মানবিক গল্পটি প্রধানমন্ত্রীর নজরে আসে।
এরপরই সুজনের স্বপ্নপূরণ এবং তার সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে সোমবার (২০ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সুজনের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
অনুদান প্রদানকালে প্রতিমন্ত্রী সুজনের পরিবারের প্রতি আহ্বান জানান, যেন তাকে আর ঝুঁকিপূর্ণ বা কায়িক শ্রমে না পাঠিয়ে নিয়মিত বিদ্যালয়ে পাঠানো হয়। একইসঙ্গে তিনি ঘোষণা দেন, সুজনের পড়াশোনার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।
প্রতিমন্ত্রীর এই আশ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়েন সুজনের বাবা। তিনি প্রতিশ্রুতি দেন, আর কখনো ছেলেকে রাস্তায় পানি বিক্রি করতে দেবেন না। যত দ্রুত সম্ভব তাকে বিদ্যালয়ে ভর্তি করানো হবে।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা প্রান্তিক মানুষের মানবিক গল্পগুলো তিনি গুরুত্বের সঙ্গে দেখেন এবং প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।
তিনি আরও বলেন, একজন ক্রীড়াবিদ হিসেবে প্রধানমন্ত্রী সমাজের যেকোনো মানবিক সংকটে দ্রুত সাড়া দেন। তার নির্দেশনায় গত কয়েক বছরে অসংখ্য অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
সুজনের স্বপ্ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাবাকে হজে পাঠানোর ইচ্ছা একটি মহৎ নিয়ত। তবে তারা চান, সুজন যেন ফুটপাথে পানি বিক্রি না করে লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয় এবং ভবিষ্যতে নিজের যোগ্যতায় উপার্জন করে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারে।
সুজনের পরিবারের আর্থিক দুরবস্থা, অসুস্থ মায়ের চিকিৎসা এবং বাবার একার উপার্জনের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, এখন থেকে সুজনকে আর রাস্তায় নেমে কাজ করতে হবে না। তার পড়াশোনা এবং পরিবারের দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা সরাসরি সুজনের বাবার কাছে পৌঁছে দেওয়া হবে।
সরকারের প্রত্যাশা, সুজন লেখাপড়া করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে এবং একদিন নিজের স্বপ্নের পাশাপাশি বাবা-মায়ের স্বপ্নও বাস্তবে রূপ দেবে।











Design and Development by : webnewsdesign.com