সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৩:০৬ পিএম, ৯ আগস্ট ২০২৬

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি আহমেদ

আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি আহমেদ

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ, ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা

রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করায় ১১ দলীয় ঐক্যজোটের নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেছেন, দেশের জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না এবং সবসময় তাদের স্বার্থ রক্ষায় কাজ করে যাবেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যজোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে রাষ্ট্রপতি পদে অলি আহমদের নাম ঘোষণা করা হয়। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি জোটের নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

অলি আহমদ বলেন, ‘আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ। ১১ দলীয় ঐক্যজোটের প্রত্যেক নেতা এবং আমাদের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ। আমরা নিজেদের অবস্থান থেকে কখনো এই জাতির সঙ্গে বেইমানি করব না।’

তিনি আরও বলেন, ‘আমরা জিতব নাকি হারব, সেটি মূল বিষয় নয়। মূল বিষয় হলো জনগণের পাশে থেকে তাদের স্বার্থ রক্ষা করা। সেই মানসিকতা থেকেই আমরা সবাই একত্রিত হয়েছি। সর্বসম্মতিক্রমে তারা আমার নাম প্রস্তাব করেছেন। এজন্য আমি পুরো জাতিকে ধন্যবাদ জানাই।’

নিজের রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে অলি আহমদ বলেন, তিনি একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা। তার বিরুদ্ধে দুর্নীতি কিংবা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো অভিযোগ নেই। দীর্ঘদিন সততার সঙ্গে জীবনযাপন করার কারণেই জোটের নেতারা তাকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিকে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক বলেন, রাষ্ট্রপতি পদের জন্য তাদের বিবেচনায় সবচেয়ে যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিতে পেরে তারা আনন্দিত।

তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে চলমান সংগ্রামের প্রেক্ষাপটে ১১ দলের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর যোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ এবং জুলাই বিপ্লবের চেতনার একজন বলিষ্ঠ ধারক ও যোদ্ধাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।

মামুনুল হক আশা প্রকাশ করেন, ১১ দলের বাইরেও বিএনপিসহ অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তি অলি আহমদের যোগ্যতা ও অভিজ্ঞতাকে মূল্যায়ন করবেন। নির্বাচিত হলে তিনি আগামী বাংলাদেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের কল্যাণের কথা বিবেচনা করেই তাদের দৃষ্টিতে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। দেশের স্বার্থে ১১ দলের প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতেই দায়িত্ববোধ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনীতির সব পর্যায়ে স্বচ্ছতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকা প্রয়োজন। এর মাধ্যমে দেশে গণতন্ত্রের গতি ও সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম