
বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা ও জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের আগামী ১০ বছরের পরিকল্পনা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
শনিবার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকতে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ‘কিছুদিন ধরে গুটিকয়েক মানুষ বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিভ্রান্তিকর কথা বলে দেশে বিশৃঙ্খলা ও জনগণের শান্তি নষ্ট করা যাবে না।’
তিনি বলেন, আগামী ১০ বছরের পরিকল্পনা অনুযায়ী স্কুল-কলেজ, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি যানবাহনের প্রয়োজনীয় গ্যাসের ব্যবস্থাও করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত গুটিকয়েক ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছিল। এখন জনগণের স্বার্থে এ খাতকে নতুনভাবে পরিকল্পিতভাবে সাজাতে কিছুটা সময় প্রয়োজন। ইতোমধ্যে সেই কাজ শুরু হয়েছে।
দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তারেক রহমান। তিনি বলেন, বিনিয়োগকারীরা নির্বিঘ্নে পণ্য বন্দরে নিতে এবং কাঁচামাল দেশে আনতে চান। শিল্পকারখানা চালু রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি নিশ্চিত করা জরুরি।
চট্টগ্রামের আনোয়ারায় চীনা বিনিয়োগের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, সেখানে কয়েক শ মিল-কারখানা গড়ে উঠবে। এতে চট্টগ্রামের বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
ফ্যামিলি ও কৃষক কার্ড
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চলতি অর্থবছরে প্রায় ৪১ লাখ পরিবারের মায়ের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এর মধ্যে বাঁশখালীর ১০ থেকে ১২ হাজার পরিবার এ সুবিধা পাবে।
তিনি আরও বলেন, শুধু ধান, পাট বা অন্যান্য ফসলের চাষিরাই নয়, বাঁশখালীর লবণচাষিরাও কৃষক কার্ড পাবেন। লবণের ন্যায্যমূল্য নির্ধারণ করা হয়েছে এবং শিগগিরই তা সবার কাছে জানানো হবে।
সমাবেশে বাঁশখালী উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।











Design and Development by : webnewsdesign.com