
রোববার (৯ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে থাকা মানুষের ভাস্কর্যগুলোর মুখাবয়ব মুছে ফেলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
রোববার (৯ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি।
জাদুঘরের ভাস্কর্য প্রসঙ্গে মামুনুল হক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় ভাস্কর্যবিরোধী আন্দোলনও গুরুত্বপূর্ণ ছিল। রাষ্ট্রীয় স্থাপনায় মুসলিম সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী মানুষের ভাস্কর্য থাকা উচিত নয় বলে তাদের অবস্থান ছিল।
তিনি বলেন, শাপলা চত্বরের শহীদদের মুখাবয়ব বাদ দিয়ে তাদের স্মৃতি ও সেই সময়ের ঘটনাগুলো চিত্রিত করা যেতে পারে। এ বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষের প্রতি পরামর্শও দেন তিনি।
জাদুঘরে গুরুত্বপূর্ণ ঘটনা বাদ পড়ার অভিযোগ
জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্দোলন ও ঘটনার স্মৃতি সংরক্ষণ করা হয়নি বলেও অভিযোগ করেন মামুনুল হক।
তিনি বলেন, ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলন ছিল ওই সময়ের বড় আন্দোলনগুলোর একটি। কিন্তু জাদুঘরে এ আন্দোলনের উল্লেখযোগ্য কোনো স্মৃতি সংরক্ষণ করা হয়নি। অথচ ওই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিরা এখনো জীবন্ত ইতিহাস হয়ে আছেন।
এ ছাড়া সীমান্তে ফেলানি হত্যাকাণ্ড, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনা, দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের ঘোষণার পরের হত্যাকাণ্ড এবং ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতি জাদুঘরে সংরক্ষণ না করায় ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের এই নেতা।
মামুনুল হক বলেন, এসব ঘটনাও দেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তাই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে এসব ঘটনার স্মৃতি সংরক্ষণ করা প্রয়োজন।









Design and Development by : webnewsdesign.com