
দেশের উন্নয়নে কোনো বাধা মানবো না: প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে গিয়ে কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না।
রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে আমরা দেখছি, কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেভাবে তারা স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিল, একইভাবে তারা বিভিন্ন সময়ে দেশের গণতন্ত্র ও মানুষের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।’
তিনি বলেন, ১৯৮৬ সালে চট্টগ্রামের মাটিতে যারা স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশগ্রহণকারীদের ‘জাতীয় বেইমান’ বলেছিল, পরবর্তীতে তারাই ঢাকায় গিয়ে স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল। তাদের সঙ্গে থাকা গুপ্ত বাহিনীও জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল।
তারেক রহমান আরও বলেন, পরবর্তীতে ১৯৯৬ সালে ওই গুপ্ত বাহিনী দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল। তারা গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
‘মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে’
প্রধানমন্ত্রী বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে। কারণ দেশের মানুষ জানে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে একমাত্র বিএনপি।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার সময়ে দেশের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন এসেছিল। আপনারা আবারও আমাদের দেশ পরিচালনার সুযোগ দিয়েছেন।’
তবে কিছু রাজনৈতিক দল উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দেওয়ার এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।’
‘উন্নয়নে কোনো বাধা মানবো না’
দেশের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে একই সময়ে স্বাধীনতা অর্জন করেও অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু নানা চড়াই-উতরাই পেরিয়েও বাংলাদেশ এখনো কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারেনি।
তিনি বলেন, এখন দেশের উন্নয়নের জন্য সবাইকে সিদ্ধান্ত নিতে হবে। দেশের অগ্রযাত্রা ও উন্নয়নে কোনো ধরনের বাধা মেনে নেওয়া হবে না।








Design and Development by : webnewsdesign.com