
দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত চাচি গ্রেপ্তার
নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর পা মুচড়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত প্রধান আসামি ফারজানা আক্তার লতা (৩২)কে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
শুক্রবার (১৭ জুলাই) রাতে নরসিংদীর আলীজন জুট মিলস এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১, সিপিসি-৩ নরসিংদীর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ফারজানা আক্তার লতাকে গ্রেপ্তার করা হয়। তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি মাধবদী এলাকার দুই মাস বয়সী এক শিশুর ওপর নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি ওঠে।
ভিডিওতে দেখা যায়, এক নারী ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুটির একটি পা জোরে মুচড়ে দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান। পরে শিশুর কান্নার শব্দ শুনে তার মা ঘরে এসে শিশুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখেন। অভিযোগ অনুযায়ী, ভিডিওতে দেখা ওই নারীই শিশুটির চাচি ফারজানা আক্তার লতা।
র্যাব জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।











Design and Development by : webnewsdesign.com