
উজানের অতিবৃষ্টির প্রভাবে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টায় প্রকাশিত সংস্থাটির সাপ্তাহিক ধারণাগত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ভারতের সংলগ্ন উজান এলাকায় আগামী সপ্তাহজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
এদিকে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়তে পারে। তবে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদ-নদীর পানিও বৃদ্ধি পেতে পারে। এর ফলে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়ার কয়েকটি স্থানে নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। এতে নদীসংলগ্ন নিচু এলাকায় কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু এবং মাতামুহুরী নদীর পানি আগামী তিন দিনের মধ্যে কিছুটা কমতে পারে। এরপর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হলেও সামগ্রিকভাবে এসব নদীর পানির স্তর স্থিতিশীল থাকার সম্ভাবনাই বেশি।











Design and Development by : webnewsdesign.com