সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
১১:৪২ এএম, ১৭ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষায় ভোগান্তি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনকারীরা

এইচএসসি পরীক্ষায় ভোগান্তি: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় আন্দোলনকারীরা
নিজস্ব প্রতিবেদক
৩ মিনিটে পড়ুন |

শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পূর্বঘোষিত লংমার্চ কর্মসূচিতে গতকাল (বৃহস্পতিবার) রাস্তায় নামেননি আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে তারা আপাতত কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিলেও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন।

গতকাল দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধিরা এ ঘোষণা দেন। তারা বলেন, এটি আন্দোলনের সমাপ্তি নয়; পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

সংবাদ সম্মেলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান বলেন, আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়; বরং পরীক্ষার্থীদের ন্যায্য দাবির পক্ষে। জনদুর্ভোগ কমানোর স্বার্থেই তারা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করেছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—

এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর একত্রে যোগ করে পাস নম্বর নির্ধারণ করতে হবে।
দুর্যোগসহ বিভিন্ন কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

তাদের বক্তব্য, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং প্রয়োজন অনুযায়ী নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আইডি কার্ড ছাড়া আন্দোলনে অংশগ্রহণ নয়

আন্দোলনে রাজনৈতিক উদ্দেশ্যে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগ তুলে শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতে বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না।

তাদের দাবি, সরকার পতনের স্লোগান দেওয়া কিংবা আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিরা প্রকৃত পরীক্ষার্থী নন। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার অভিযোগও তারা নাকচ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী: সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে

চলমান পরিস্থিতি নিয়ে গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রকৃত শিক্ষার্থীদের পাশাপাশি কিছু অছাত্রও আন্দোলনে যুক্ত হয়েছেন। তার অভিযোগ, একটি মহল সরকারকে বিব্রত করতে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে এবং ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করতে চাইছে।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে শিক্ষার্থীদের কয়েকটি দাবি বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দুটি ভুল প্রশ্নের বিষয়ে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ওই দুটি প্রশ্নের পূর্ণ নম্বর পরীক্ষার্থীদের দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যারা দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্যও বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই মন্তব্যে অনেকে কষ্ট পেয়েছেন এবং এ কারণে শিক্ষামন্ত্রী জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন।

শিক্ষার মান নিয়ে সরকারের অবস্থান

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার মানের সঙ্গে কোনো আপস করবে না এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে বদ্ধপরিকর।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে অটোপাস, অতিরিক্ত নম্বর এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের কঠোর ব্যবস্থা না নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

বন্যা-পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

গতকাল রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাইলস্টোনের সাবেক ছাত্রীর বিরুদ্ধে জিডি

এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে চলমান আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে মাইলস্টোন কলেজের সাবেক ছাত্রী রুবাইয়া মেহজাবিন সুহির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযোগে বলা হয়েছে, ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) নেওয়ার পরও তিনি কলেজের পরিচয়পত্র ব্যবহার করে আন্দোলনে অংশ নিয়েছেন এবং সরকারবিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন।

গতকাল দুপুরে কলেজের সিকিউরিটি অফিসার মুহাম্মদ জহুরুল ইসলামের মাধ্যমে ঢাকার তুরাগ থানায় জিডি করা হয়। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম রানা জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম