
জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদ্দিন’ (দ্বীন প্রতিষ্ঠা) কথাটি সরিয়ে দেওয়ার মধ্য দিয়েই আদর্শিকভাবে পরাজিত হয়েছে। তাঁর দাবি, এরপর থেকে দলটি ইসলামী আদর্শের অবস্থান থেকেও সরে এসেছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করীম বলেন, “জামায়াতে ইসলামী যেদিন তাদের লোগো থেকে ‘আকিমুদ্দিন’ উঠিয়ে ফেলেছে, সেদিনই তারা একপর্যায়ে পরাজিত হয়ে গেছে। কারণ জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত।”
তিনি আরও দাবি করেন, “জামায়াত বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তাল মিলিয়ে চলেছে। আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সময় বিএনপির সঙ্গে এবং প্রয়োজন অনুযায়ী অন্যদের সঙ্গেও তারা চলেছে। আগে তাদের একটি আদর্শিক অবস্থান ছিল, সেটি ছিল ইসলাম। কিন্তু লোগো থেকে সেই পরিচয় সরিয়ে দেওয়ার পর এখন তাদের দ্বিতীয় কোনো আদর্শিক ভিত্তি আমার জানা নেই।”
চরমোনাই পীর আরও বলেন, “জামায়াত নিজেরাই বলেছে, তারা ক্ষমতায় গেলে ইসলামী শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনা করবে। ফলে ইসলামের নামে রাজনীতি করার নৈতিক ভিত্তিও তারা হারিয়েছে।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলার সভাপতি ক্বারি মো. সাইফুল ইসলাম সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন এবং কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলার উপদেষ্টা মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মুফতি এহতেশামুল হক কাসেমী (উজানী), মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, আব্দুল করীমসহ দলটির স্থানীয় নেতারা।
সম্মেলন শেষে ক্বারি সাইফুল ইসলাম সরকারকে সভাপতি এবং মুফতি রাশেদুল ইসলামকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুমিল্লা উত্তর জেলা কমিটির নতুন কমিটি ঘোষণা করেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।











Design and Development by : webnewsdesign.com