সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / জাতীয়
৯:২১ পিএম, ৩০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর

প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা জাতীয় পতাকা তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া শেখ আজিজুর রহমান রক্তমাখা জাতীয় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাথায় গুলির ক্ষত এবং শরীরে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন বহনকারী আজিজুর আন্দোলনের সময় মাথার রক্ত বন্ধ করতে ওই পতাকাই ব্যবহার করেছিলেন।

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত আজিজুর

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া শেখ আজিজুর রহমান অবশেষে তাঁর বহুদিনের একটি স্বপ্ন পূরণ করেছেন। আন্দোলনের সময় মাথার রক্ত বন্ধ করতে ব্যবহার করা রক্তমাখা জাতীয় পতাকাটি তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আজিজুর। এ সময় তিনি আন্দোলনের সেই রক্তমাখা পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মাথায় গুলির ক্ষত এবং শরীরে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের চিহ্ন নিয়ে তিনি আজও সেই দিনের স্মৃতি বহন করছেন।

জানা গেছে, সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি’ শিরোনামের একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তাঁর নির্দেশে আজিজুরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা হয়।

সাক্ষাতে প্রধানমন্ত্রী আজিজুরের চিকিৎসা, পড়াশোনা, বর্তমান জীবনসংগ্রাম এবং সিএনজি চালিয়ে পড়াশোনার খরচ চালানোর বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং খোঁজখবর নেন।

সাক্ষাৎ শেষে আবেগাপ্লুত আজিজুর বলেন, “এই পতাকাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার খুব ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।”

আজিজুর রহমান সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে গুরুতর আহত হওয়ার পরও ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে দীর্ঘ দুই বছরেও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাননি। জীবিকা ও পড়াশোনার খরচ চালাতে বর্তমানে তিনি সিএনজি চালাচ্ছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে মিরপুর-১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা হাতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন আজিজুর। মাথার ক্ষত থেকে রক্তক্ষরণ বন্ধ করতে তিনি জাতীয় পতাকাটি মাথায় বেঁধেছিলেন। পরে ১৯ জুলাই তাকে গ্রেপ্তার করা হয় এবং দুই দিনের রিমান্ড শেষে ২১ জুলাই মুক্তি পান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম