
ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসে ‘শতাধিক নারী’ থেকে টাকা নেন মহিলা দলের নেত্রী
ঢাকার ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ড’ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে শতাধিক অসহায় ও হতদরিদ্র নারীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমভাগ ইউনিয়নের কালিদাসপট্টি, বানেশ্বর এবং সূতিপাড়া ইউনিয়নের সিন্ধুলিয়া এলাকার শতাধিক নারীর কাছ থেকে স্থানীয় জাকির হোসেনের স্ত্রী নাছিমা আক্তারের মাধ্যমে টাকা নেওয়া হয়।
ভুক্তভোগী বানেশ্বর গ্রামের শিরিন আক্তার ও রূপবান অভিযোগ করে বলেন, নাছিমার মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ তারা ফরিদা ইয়াসমিনের কাছে ১০০ টাকা করে জমা দিয়েছেন। তাদের দাবি, শুধু তাদের এলাকাতেই প্রায় অর্ধশতাধিক পরিবারের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।
সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম বলেন, বিষয়টি জানতে পেরে তিনি আগেই স্থানীয়দের টাকা দিতে নিষেধ করেছিলেন। পরে জানতে পারেন, কালিদাসপট্টি গ্রামে নিজ ছেলের শ্বশুরবাড়িতে বৈঠক করে ফরিদা ইয়াসমিন দাবি করেছেন, স্থানীয় সংসদ সদস্য তাকে ফ্যামিলি কার্ড দেওয়ার দায়িত্ব দিয়েছেন।
রুস্তম বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ দলের জন্য অত্যন্ত লজ্জাজনক।
অভিযোগের বিষয়ে ফরিদা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে দাবি করেন। তবে ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং পরে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ধামরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার মিথ্যা আশ্বাসে টাকা নেওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন বলেন, টাকা নেওয়ার বিষয়টি তারা জেনেছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ না পেলেও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, স্থানীয় সংসদ সদস্য বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফিরলে বিষয়টি নিয়ে তার সঙ্গে আলোচনা করে রাজনৈতিকভাবেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।












Design and Development by : webnewsdesign.com