
মেয়েটিই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল, কাজটি অনৈতিক নয়: জামায়াত এমপি মুহাদ্দিস। ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত ঘটনায় নতুন বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি দাবি করেছেন, সংশ্লিষ্ট তরুণী নিজেই গাজী নজরুল ইসলামের সেবা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং সেই ইচ্ছার কারণেই তার পরিবার বিয়ের ব্যবস্থা করে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ৫ নম্বর শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৫ নম্বর শিবপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও স্থানীয় আলেম-উলামার ব্যানারে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বক্তব্যে মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘আমরা এমপি সাহেবের বড় স্ত্রীসহ সবাইকে নিয়ে বসেছিলাম। সেখানে ওই মেয়েটির একটাই কথা ছিল—সে অন্য কোথাও বিয়ে করবে না। যত দিন বেঁচে থাকবে, এমপি সাহেবের সেবা করবে। তার এই দৃঢ় অবস্থানের কারণেই শেষ পর্যন্ত মা-বাবা নিজেদের বাড়িতেই বিয়ের ব্যবস্থা করেন।’
তিনি আরও বলেন, ‘কাজটি সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না, তবে এটি অনৈতিক ছিল না। কিন্তু ঘটনাটি নিয়ে সমাজে ব্যাপক বিতর্ক তৈরি হওয়ায় জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। পাশাপাশি তার সংসদ সদস্য পদও বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। অনৈতিক বা অসামাজিক কোনো বিষয়েই জামায়াতে ইসলামী আপস করে না।’

গাজী নজরুল ইসলামের ঘটনাকে সাধারণ ভুল হিসেবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে মসজিদের ইমামের উদাহরণ টেনে বলেন, ‘একজন সাধারণ মানুষ ও একজন ইমাম যদি একই ভুল করেন, তাহলে দুজনের ভুলের গুরুত্ব এক হয় না। ইমামের দায়িত্ব ও মর্যাদা বেশি হওয়ায় তার ভুলও বড় হিসেবে বিবেচিত হয়। ঠিক তেমনি, আপনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে এমন ভুল প্রত্যাশিত নয়। সে কারণেই সংগঠন তাকে বহিষ্কার করেছে এবং তার সংসদ সদস্য পদও থাকবে না।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শুরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসানসহ স্থানীয় নেতারা।









Design and Development by : webnewsdesign.com