সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / ধর্মীয় সংবাদ
৬:৫৯ পিএম, ৮ আগস্ট ২০২৬

৫৬ বছর একই মসজিদে ইমামতি, ভালোবাসার উপহার হিসেবে ওমরাহ করতে পাঠালেন এলাকাবাসী

৫৬ বছর একই মসজিদে ইমামতি, ভালোবাসার উপহার হিসেবে ওমরাহ করতে পাঠালেন এলাকাবাসী

মসজিদে ৫৬ বছরের সেবা, এবার এলাকাবাসীর ভালোবাসায় পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবে ইমাম

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ময়মনসিংহ সদর উপজেলার দারিয়াকান্দা গ্রামের মজিদ মণ্ডল বাড়ির জামে মসজিদে টানা ৫৬ বছর ইমামতি করেছেন হাফেজ আব্দুল কদ্দুস। দীর্ঘ এই ধর্মীয় সেবা, নিষ্ঠা ও সততার স্বীকৃতি হিসেবে এবার নিজেদের উদ্যোগে তাকে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন এলাকাবাসী।

বুধবার গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা তাকে সৌদি আরবের উদ্দেশে বিদায় জানান। এ সময় মসজিদ প্রাঙ্গণে তৈরি হয় আবেগঘন পরিবেশ। প্রিয় ইমামের সুস্থতা, নিরাপদ সফর ও সফলভাবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার জন্য সবাই দোয়া করেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে তরুণ বয়সে মজিদ মণ্ডল বাড়ির জামে মসজিদে ইমামতির দায়িত্ব নেন হাফেজ আব্দুল কদ্দুস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা ৫৬ বছর একই মসজিদে দায়িত্ব পালন করে তিনি হয়ে উঠেছেন পুরো এলাকার মানুষের আস্থা, ভালোবাসা ও শ্রদ্ধার প্রতীক।

স্থানীয় বাসিন্দা এ কে এম ফজলুল হক বলেন, হাফেজ আব্দুল কদ্দুস শুধু মসজিদে নামাজের ইমামতি করেননি; গ্রামের শিশুদের কোরআন শিক্ষা, ইসলামী মূল্যবোধের চর্চা এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় বিষয়ে মানুষকে দিকনির্দেশনা দিয়ে আসছেন।

অসুস্থতা কিংবা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি দায়িত্ব পালনে কখনো অবহেলা করেননি বলে জানান স্থানীয়রা। তাঁর বিনয়, ধর্মীয় জ্ঞান ও মানবিক আচরণ তাকে সবার কাছে বিশেষভাবে সম্মানিত করেছে।

দীর্ঘদিনের এই সেবার প্রতি সম্মান ও ভালোবাসা জানাতেই এলাকাবাসী সম্মিলিতভাবে তাকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নেন।

উদ্যোক্তাদের অন্যতম ফরিদ আহমেদ লালু ও আশরাফুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ৫৬ বছরের সেবার স্বীকৃতি ও ভালোবাসার নিদর্শন হিসেবেই আমরা তাকে ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছি।’

বিদায়ের আগে আবেগঘন বক্তব্যে হাফেজ আব্দুল কদ্দুস বলেন, ‘১৯৭১ সাল থেকে এই মসজিদে ইমামতি করছি। কখনো ভাবিনি আপনারা আমাকে এভাবে সম্মানিত করবেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। পবিত্র ভূমিতে গিয়ে দেশ, জাতি ও আপনাদের সবার জন্য দোয়া করব।’

দীর্ঘ ৫৬ বছর একই মসজিদে ইমামতির পর এবার এলাকাবাসীর ভালোবাসা ও সম্মানকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের পথে যাত্রা করেছেন হাফেজ আব্দুল কদ্দুস।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর

যে ৮ ধরনের উপার্জন ইসলামে হারাম
২ সপ্তাহ আগে

Advertise with us
আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম