
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে চান আসিফ নজরুল, ফেসবুক পোস্টে জানালেন নিজের পছন্দ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর দেশের নতুন রাষ্ট্রপতি কে হবেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই মধ্যে নিজের পছন্দের প্রার্থীর নাম প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, রাষ্ট্রপতি পদে সবচেয়ে যোগ্য ব্যক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মতামত জানান আসিফ নজরুল।
তিনি লেখেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল দলকে নেতৃত্ব দিয়েছেন, নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগ স্বীকার করেছেন। তাঁর ভাষায়, রাজনীতিবিদদের মধ্যে মির্জা ফখরুল একজন মধ্যপন্থী, ভদ্র, সৎ ও দক্ষ বক্তা হিসেবে বিশেষভাবে পরিচিত।
আসিফ নজরুল আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুলের দীর্ঘদিনের পারস্পরিক বোঝাপড়ার সম্পর্ক রয়েছে। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছেও তিনি অত্যন্ত আস্থাভাজন ছিলেন। যদিও বিএনপিতে আরও যোগ্য নেতা রয়েছেন, তবুও সবদিক বিবেচনায় তাঁর মতে মির্জা ফখরুলই সবচেয়ে উপযুক্ত প্রার্থী।
তিনি মন্তব্য করেন, “রাজনীতিবিদদের মধ্য থেকে কাউকে রাষ্ট্রপতি করা হলে মির্জা ফখরুল সম্ভবত সেরা পছন্দ হবেন।”
কেন পদত্যাগ করলেন সাহাবুদ্দিন?
এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় তিনি ভুগছেন। এছাড়া তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি অটোনমিক নিউরোপ্যাথি রোগ ধরা পড়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন।
তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেন, এসব শারীরিক ও মানসিক জটিলতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তাঁর পক্ষে আর সম্ভব নয়। তাই সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন।











Design and Development by : webnewsdesign.com