সম্পূর্ণ নিউজ Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ

প্রচ্ছদ / বাংলাদেশ
১১:০৩ পিএম, ২৭ জুলাই ২০২৬

‘আওয়ামী লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ

‘আওয়ামী লীগ ভোট ইঞ্জিনিয়ারিং করেছে, বিএনপিও একই নীলনকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ

‘আওয়ামী লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিং করছে’— অভিযোগ হাসনাত আবদুল্লাহর

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

‘আওয়ামী লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীলনকশা করছে’— অভিযোগ হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের মতো বিএনপিও ভোটে ‘ইঞ্জিনিয়ারিং’ করার প্রস্তুতি নিচ্ছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা বড়বাজার চৌরাস্তার মোড়ে এনসিপির জেলা শাখার আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আপনার-আমার ভোট ইঞ্জিনিয়ারিং করে হরণ করেছে। বিএনপি সরকারও ঠিক একইভাবে ভোট ইঞ্জিনিয়ারিং করার জন্য নীলনকশা শুরু করেছে।”

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তার অভিযোগ, জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, বিএনপি তাদেরই বিভিন্ন প্রশাসনিক পদে বসাচ্ছে।

নির্বাচন কমিশনসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, অতীতের মতো ভোটাধিকার হরণের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে।

প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা নিয়েও কথা বলেন হাসনাত। তিনি বলেন, পুলিশ, প্রশাসন ও গণমাধ্যমকে কোনো রাজনৈতিক দলের নয়, বরং জনগণের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি প্রশাসনের দলীয়করণের সমালোচনা করে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে। যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান তিনি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে রাষ্ট্রের মৌলিক সংস্কার জরুরি। তিনি জবাবদিহিমূলক শাসনব্যবস্থা, সুশাসন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং গণভোটের মাধ্যমে সংস্কার বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা, জাতীয় সার্বভৌমত্ব এবং সব নাগরিকের সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি সারাদেশে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করছে। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে জেলা আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লবকে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

পথসভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সদস্য সচিব আনাসগীর হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আলী রুকনুদ্দীন যতন।

এতে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু এমপি, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ, সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, মুসাব্বির আহমদ, তানভীর সওয়ার শুভ্রসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box
এ বিভাগের আরও খবর


আরও Sunnah TV Bangladesh সুন্নাহ টিভি বাংলাদেশ সংবাদ


Design and Development by : webnewsdesign.com

শিরোনাম